কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় গভীর রাতে একটি এক্সকাভেটরবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা-চাঁদপুর রেলগেটসংলগ্ন একটি হোটেলে ঢুকে পড়ে। এতে রেলপথে সাময়িকভাবে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকাজ সম্পন্ন করলে সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, উল্লিখিত এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মেজ্জান নামের একটি হোটেলে গভীর রাতে একটি এক্সকাভেটরবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এ সময় বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনসহ থানায় খবর পাঠালে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।
প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধার কাজ শেষ হলে রেলপথ পুনরায় সচল হয়। পরে অবৈধভাবে গড়ে ওঠা হোটেলটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। রাতে হোটেলটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


























