রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর থেকে মুমূর্ষু অবস্থায় ফাতেমা নামের নয় মাস বয়সি এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ। বর্তমানে শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফ্লাইওভারের ওপর একটি শিশু অচেতন অবস্থায় পড়ে রয়েছে—এমন সংবাদ পেয়ে উত্তরা পশ্চিম থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে শিশুটির বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন শিশুটির প্রয়োজনীয় ওষুধপত্র এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শিশুটির শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।


























