ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ছয়টি বিভাগ খোলার প্রাথমিক অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আটটি শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাতটি অনুষদের অধীনে ১৫টি বিভাগ খোলার প্রস্তাব করেছিল। পরে ইউজিসির সংশ্লিষ্ট কমিটি ছয়টি বিভাগ খোলার প্রাথমিক অনুমোদনের সুপারিশ করে।
বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
অনুমোদন পাওয়া বিভাগগুলো হলো—প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, কৃষি বিজ্ঞান অনুষদের কৃষি, কলা ও মানবিক অনুষদের মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি, বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের পরিবেশ বিজ্ঞান এবং লাইফ সায়েন্সেস অনুষদের জনস্বাস্থ্য বিভাগ।
শর্তগুলোর মধ্যে রয়েছে বাড়িভাড়ার চুক্তিপত্র ও বাড়ির নকশা প্রদান, তিনটি ভবনের একাডেমিক লে-আউট দেওয়া, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য পৌরসভার অনাপত্তিপত্র প্রদান এবং ভাড়া করা তিনটি ভবন দ্রুত শিক্ষা কার্যক্রম পরিচালনার উপযোগী করে কমিশনকে অবহিত করা। এছাড়াও কোর্স কারিকুলাম প্রদান, প্রয়োজনীয় গবেষণাগার, লাইব্রেরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জনবলের চাহিদা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের নামে অধিগ্রহণ করা ৮০ একর নিষ্কণ্টক জমির প্রামাণিক দলিলও ইউজিসিতে জমা দিতে হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসরাফিল জানিয়েছেন, ছয়টি বিভাগের অনুমতি পাওয়ায় তারা সন্তুষ্ট। তিনি বলেন, তারা আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করার লক্ষ্য নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে এবং প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা কেন্দ্র এই বিশ্ববিদ্যালয়ে হবে।
বর্তমানে নতুন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে ভাড়াবাড়িতেই একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে স্থায়ী ক্যাম্পাসের জন্য সরকার ৮ দশমিক ৫৫ একর জমি অনুমোদন দিয়েছে।


























