গোপালগঞ্জে ইমাম রেজা (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন দেখতে পাওয়ার কথা জানিয়েছেন তারা।
নিহত ইমাম রেজার বাড়ি বরিশাল জেলায় হলেও তিনি সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে নানাবাড়িতে থেকে মায়ের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম জহিরুল মৃধা এবং তিনি গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহতের মা আফি বেগম অভিযোগ করে জানান, তার ছেলেকে হত্যা করে মিলঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।


























