আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এই সময়ের মধ্যেই ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়, যেখানে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৯৮ হাজার ৪০ শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ১২ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলাফল ঘোষণার দিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এইচএসসিতে অকৃতকার্য মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর পুনঃপরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।


























