ড্যানিয়েল ক্রেগের পর রুপালি পর্দায় বিখ্যাত ‘জেমস বন্ড ০০৭’ চরিত্রে কে হাজির হবেন, তা নিয়ে বিনোদন দুনিয়ায় চলছে জোর জল্পনা। নতুন বন্ড বেছে নিতে অ্যামাজন এমজিএম স্টুডিওস চূড়ান্ত স্ক্রিন টেস্টের আয়োজন করেছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন স্কটিশ অভিনেতা জ্যাক লোডেন এবং ব্রিটিশ অভিনেতা ক্যালাম টারনার।
চূড়ান্ত তালিকার সম্ভাব্য প্রার্থীর তালিকায় আরও রয়েছেন জশ ও’কনর। তবে সবচেয়ে বড় চমক হিসেবে কাস্টিং প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন পরিচয় গোপন রাখা চতুর্থ একজন অভিনেতা। জেমস বন্ড সিরিজের ২৬তম এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন কানাডীয় নির্মাতা ডেনিস ভিলনভ এবং চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের শেষের দিকে নতুন বন্ডের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

























