জন্মদিনের সন্ধ্যায় মান্নাতের বারান্দায় উপস্থিত হয়ে ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। ২ নভেম্বর ৬১তম জন্মদিনে মধ্যরাত থেকে মান্নাতের সামনে অপেক্ষারত অনুরাগীদের হাত নেড়ে ও অভিবাদন জানিয়ে শুভেচ্ছা জানান তিনি।
নতুন চলচ্চিত্র ‘কিং’-এর শ্যুটিংয়ের ব্যস্ততা এবং মান্নাতে সংস্কারকাজ চলায় মুম্বাইয়ে ভক্তদের সাথে এবার তাঁর দেখা হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে দিনভর শুভাকাঙ্ক্ষীদের উদযাপনের পর সন্ধ্যায় প্রিয় তারকাকে বহনকারী গাড়ি মান্নাতের দিকে আসতে দেখা যায়। সেখানে নিরাপত্তার জন্য ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ।
সন্ধ্যায় সাদা টি-শার্ট ও জিন্স পরা শাহরুখ মান্নাতের বিশেষভাবে নির্মিত মঞ্চে হাজির হয়ে ভক্তদের দিকে হাত নাড়েন এবং উড়ন্ত চুমু ছড়িয়ে দেন। চেনা ভঙ্গিতে হাত প্রসারিত করার পাশাপাশি সালাম ও নমস্কার জানিয়ে অভিবাদন জানান তিনি। এদিন বন্ধু ও স্বজনদের সাথে তাজ হোটেলে জন্মদিন উদযাপনের পর নিজ বাসভবনে আসেন এই অভিনেতা।
শাহরুখের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করেন তাঁর অনুরাগীরা। কেক কাটার পাশাপাশি নাচ-গান এবং তাঁর নতুন সিনেমার গান একসঙ্গে উপভোগ করেন ভক্তরা। একই সাথে কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, রিতেশ দেশমুখ ও শিল্পা শেঠিসহ বলিউডের তারকা সহকর্মীরাও তাঁকে শুভকামনা জানিয়েছেন।

























