চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’ আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। প্রায় দুই বছর আগে সেন্সর ছাড়পত্র পেলেও সুবিধাজনক সময়ের অপেক্ষায় সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।
পরিচালক স্পষ্ট করেছেন, এই সিনেমাটি সালমান শাহ ও শাবনূর অভিনীত বিখ্যাত ‘আনন্দ অশ্রু’ চলচ্চিত্রের কোনো সিক্যুয়েল নয়। সম্পূর্ণ মৌলিক ও রোমান্টিক গল্পকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। অভি কথাচিত্রের পরিবেশনায় দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে সাইমন ও মাহি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন, চিকন আলী এবং জয় চৌধুরী। প্রেক্ষাগৃহ সচল রাখতে মানসম্মত বড় বাজেটের সিনেমা প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেছেন নির্মাতা।
























