রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। সোহেল মিয়া চিৎকার শুরু করলে বিষয়টি বুঝতে পেরে পার্শ্ববর্তী মসজিদের ইমাম মাইকে চুরির ঘোষণা দেন। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে চোরদের ধাওয়া করেন।
গ্রামবাসীর ধাওয়া খেয়ে অভিযুক্ত ব্যক্তিরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা চালান। পরে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেল থেকে তাঁদের ধরে ফেলে স্থানীয়রা। সেখানে উত্তেজিত জনতার মারধরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। নিহতদের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার তদন্তে সিআইডি ও পিবিআই-এর ক্রাইম সিন টিমকে অবগত করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























