ফেনীর সোনাগাজীতে মাদকসহ পুলিশের হাতে আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ছাত্রদল নেতাকে পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান এবং বখতার মুন্সি ডিগ্রি মাদরাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন।
ফেনী জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে নেতৃবৃন্দ স্পষ্ট করেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী থানা পুলিশ বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।


























