চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। তার জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান বগা। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির একটি মামলায় ওয়াকিল হোসেন বগা আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন বগা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমেদ এবং সাধারণ সম্পাদক আহম্মেদ কামরুল ইসলাম সাজ্জাদসহ একাধিক আইনজীবী তার পক্ষে জামিনের আবেদন করেন। তবে আদালত তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ওয়াকিল হোসেন বগা নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাকে বহিষ্কার করা হয়েছিল। হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি এবং দখলসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে। পুলিশের দাবি, তিনি একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন এবং দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।


























