রাজনৈতিক আদর্শ ও বিগত কর্মকাণ্ডের সঙ্গে ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্যতার কারণ দেখিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন দলটির এক স্থানীয় নেতা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজা মিয়া আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
পদত্যাগপত্রে রাজা মিয়া উল্লেখ করেছেন যে, বাংলাদেশ আওয়ামী লীগের বিগত দিনের রাজনৈতিক নীতি, কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তার নিজস্ব আদর্শ ও ব্যক্তিগত বিশ্বাসের গুরুতর অমিল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তিনি দলটির সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থায়ীভাবে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে তিনি স্পষ্ট জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের পেছনে না ছুটে বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ থেকে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।


























