চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছবুর পাটওয়ারী প্রকাশ রুবেল (৪০), যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন চৌধুরী (৪০), রাজু পাটওয়ারী (৪২) ও আরিফ তপদার।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ এরশাদ উল্লাহ জানান, গত ১৪ অক্টোবর গভীর রাতে জেলা ডিবি পুলিশ ফরিদগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মারধর, চারটি চেকের পাতা ও একটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী স্থানীয় পাটওয়ারী বাজার এলাকার শোশাইরচর গ্রামের কামাল হোসেন প্রকাশ্য মোস্তফা (৩৬)।
অভিযোগে বলা হয়েছে, বাদীর বাবার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এম.আর.কে ট্রেডার্স দোকান, ভূমিসহ একটি পাকা বাড়ির অনুকূলে ব্যাংক থেকে মর্টগেজ লোন নেওয়া হয়। পরবর্তীতে লোন পরিশোধ করতে না পারায় বাদীর পিতা উক্ত দোকান ও বাড়িটি বিক্রয়ের সিদ্ধান্ত নেন। এক কোটি ৯৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করে, দুই লাখ টাকা বায়নানামার মাধ্যমে স্থানীয় বালিথুবা গ্রামের আবু সাইদের ছেলে শরীফুল ইসলাম (৩৮) গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চুক্তিবদ্ধ হন।
বায়নার মেয়াদ উত্তীর্ণের পর জোরপূর্বক দোকান দখল করার উদ্দেশ্যে শরীফুলের নেতৃত্বে জেলা সদর ও উপজেলার ছবুর পাটওয়ারী প্রকাশ রুবেল, জিয়া উদ্দিন চৌধুরী, রাজু পাটওয়ারী ও আরিফ তপদারের সহায়তায় বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল নেতাকর্মী গত ১২ অক্টোবর বিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়।
বাদী অভিযোগ করেন, হামলার সময় তাকে কিল, ঘুষি ও লাথি মেরে দোকান থেকে বের করে রাস্তার ওপর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় তারা দোকানে থাকা চারটি সিসি ক্যামেরা, স্কেল মেশিন, শাটার ভাঙচুর করে নগদ আশি হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া, বাদীর বাবা মিজানুর রহমানের নামীয় জনতা ব্যাংকের হিসাবের স্বাক্ষরিত চারটি চেকের পাতা এবং বাদীর ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেলও লুট করে নিয়ে যায় হামলাকারীরা। লোকজন ভয়ে এগিয়ে না আসায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চাওয়া হয়।


























