খুলনার ফুলবাড়িগেট এলাকায় মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় পৃথক এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)। খুলনা রেলওয়ে থানার এসআই এসএম রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে ৬টার দিকে সিয়াম ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। সে সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তার বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একইদিন সকালে জয়নাল আবেদীন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে তিনি ফুলবাড়িগেট মেইন রোডে পৌঁছালে সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার একটি পা ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়।
এসআই এসএম রায়হান জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। নিহত দুজনের লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


























