কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষোভে নিজের গালে জুতাপেটা করেছেন পদবঞ্চিত নেতা মো. মহসিন ভূঁইয়া। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওতে তিনি নতুন কমিটিতে ত্যাগী নেতাদের অবমূল্যায়নের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জানা গেছে, গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করে ঘোষিত এ কমিটিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়া দাবি করেন, বিগত ১৭ বছর ধরে তিনি দলের সব আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। কিন্তু সদ্য ঘোষিত কমিটিতে আন্দোলন-সংগ্রামে না থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, অন্যদিকে হামলা-মামলার শিকার ত্যাগী নেতাদের পদবঞ্চিত করা হয়েছে। তিনি অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানান।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী জানান, স্থানীয় সংসদ সদস্যের চাহিদার প্রেক্ষিতে এবং কেন্দ্রীয় নেতাদের মূল্যায়নের ভিত্তিতেই যোগ্য ও ত্যাগীদের দিয়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


























