চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি লেবু বাগান থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর-মণ্ডলটোলার একটি বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এসআরবির চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে মহারাজপুর-মণ্ডলটোলার একটি লেবু বাগানে বিপুল পরিমাণ ককটেল মজুদ করা হয়েছে। এই খবর পাওয়ার পর এসআরবির একটি বিশেষ টিম সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায়। পরবর্তীতে এসআরবির বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৯টার দিকে তিনটি প্লাস্টিকের বালতিতে রাখা মোট ১৭টি ককটেল নিরাপদে উদ্ধার করেন।
এএসপি তরিকুল ইসলাম আরও জানান, কে বা কারা এই ককটেলগুলো কী উদ্দেশ্যে সেখানে মজুদ করেছিল, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এর আগে গত ২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যাতে দুজন আহত হন। ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থલ থেকে তল্লাশি চালিয়ে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছিল।


























