মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের গড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সঞ্জয় দাস সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে অভিযুক্ত সঞ্জয় তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর ভাষায় কথা বলা ও হুমকি দেওয়ার চিত্র দেখা যায়। ভিডিওটি সামাজিক প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হুমকিমূলক ভিডিও পোস্ট করায় ওই যুবককে আটক করা হয়েছে। তাকে বর্তমানে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


























