দেশে বর্তমানে সাধারণ মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে এবং ক্ষমতা যাদের হাতে থাকে, আইনও তাদের পক্ষ নেয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে তিন হাজার মশারি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বনানী মডেল হাই স্কুল মাঠে গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করা হচ্ছে এবং তা না দিলে মারধর, হত্যা ও ভাঙচুর চালানো হচ্ছে। এই শোষক গোষ্ঠী ক্ষমতায় থেকে জনগণকে শোষণ করছে উল্লেখ করে তিনি জনগণের সমস্যা উপলব্ধি করতে সক্ষম এমন সৎ ও আল্লাহভীরু নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান।
দেশের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে সাধারণ মানুষ কাক্সিক্ষত চিকিৎসা সেবা পায় না। আগামীতে জনগণ কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজদের সমর্থন করবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এডিস মশার বিস্তার রোধে আশপাশে যেন পানি ও ময়লা না জমে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে গুলশান পশ্চিম থানার আমির মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।


























