১৯২৪ সালে অসুস্থ অবস্থায় আর্জেন্টিনায় অবস্থানকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ঘটেছিল এক অবিস্মরণীয় অধ্যায়। সান ইসিদ্রোর ‘মিরালরিও ভিলা’য় অবস্থানকালে রিও ডেলা প্লাটা নদীর তীরে কবিগুরুর সাথে পরিচয় ঘটে ভিক্টোরিয়া ওকাম্পোর, যাকে কবি আখ্যা দিয়েছিলেন ‘বিজয়া’ নামে। ভাষা ও সংস্কৃতির সীমানা পেরিয়ে দুই ব্যক্তিত্বের মধ্যকার সেই অনন্য ও আবেগঘন সম্পর্কের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে নাট্যপ্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।
নাট্যদল ‘ম্যাড থিয়েটার’-এর গবেষণাধর্মী এই বিশেষ নাটকের ১৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর, সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এটি মঞ্চস্থ হবে।
নাটকটির রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থিয়েটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। কেবল দুই চরিত্রের এই প্রযোজনায় রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন আসাদুল ইসলাম নিজে এবং ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে রূপদান করছেন সোনিয়া হাসান। শতবর্ষ আগের এই অমর প্রেমকাহিনিকে কেন্দ্র করে নির্মিত নাটকটি ইতিমধ্যেই দর্শক ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।


























