শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং স্বৈরাচারী ব্যবস্থার অবসানে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘শ্রমিক বার্তা’র ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। মালিক ও শ্রমিকের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের অর্জিত মুনাফার একটি ন্যায্য অংশ শ্রমিকদের দেওয়া উচিত। এতে তাদের কর্মস্পৃহা বাড়ার পাশাপাশি পারস্পরিক সুসম্পর্ক গড়ে উঠবে।
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের অঙ্গীকারগুলো বাস্তবায়নে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধের দাবি তুলে ধরেন। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট ও চাঁদাবাজির কারণে শ্রমজীবী মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।


























