ভারতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করেছেন একদল রাজনৈতিক কর্মী ও অ্যাক্টিভিস্ট। এ সময় তারা বিভিন্ন দাবি সম্বলিত হাতে লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ অভিযোগ করেন, ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দল ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপক, রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠিসহ অন্যদের গ্রেপ্তারের ঘটনায় তিনি গভীর উদ্বেগ জানান।
পাকিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দী রেখে নির্যাতন চালানো হচ্ছে। এর প্রতিবাদে সেখানে রাজনৈতিক আন্দোলন ও লংমার্চ শুরু হয়েছে, যার প্রতি তারা সংহতি জানান।
পাশাপাশি, বাংলাদেশে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নাঈম আহমাদ এ ধরনের অনিয়ম বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ ও প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
সমাবেশে জেডিপির ইয়াসিন আরাফাত রাজ, জাতীয় ছাত্রমঞ্চের সালমান শরীফ ও আসমাইন হাওলাদার ইফরাতসহ অন্যান্য কর্মীরা অংশ নেন।


























