বেসরকারি একটি টেলিভিশন টকশোতে শহীদ শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার যৌক্তিকতা নিয়ে তীব্র প্রশ্ন তোলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় নুরের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে ডা. মাহমুদা মিতু লেখেন, ‘‘নূরের সঙ্গে হাদির শত্রুতা কোথায়, ভাবছিলাম! ওদের ঈর্ষা, নোংরামি থেকে মৃত হাদিকে ন্যূনতম ছাড় দেওয়া যায় না? ক্ষমতা কি আজীবন থাকবে?’’ অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মূলত সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নিয়মিত টকশোতে অংশ নিয়ে শহীদ শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন নুরুল হক নুর। টকশোতে নুরের বক্তব্যের বর্ণনা দিয়ে জানা যায়, তিনি বলেন, ‘‘নজরুলের পাশে হাদিকে সমাহিত করা উচিত হয়নি। আজ থেকে পাঁচ বা ১০ বছর পর মানুষ প্রশ্ন তুলতে পারে, ‘হু ইজ হাদি? জাতির জন্য তার অবদান কী?’ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাদিকে জাতীয় কবির পাশে নিয়ে আসা হয়েছে। না, না, এটা করা একেবারেই উচিত হয়নি।’’
প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়। নুরের উক্ত বক্তব্যের জের ধরেই এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


























