দীর্ঘ খরার পর নীলফামারীতে হঠাৎ কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলায় আমন ক্ষেতে প্রাণ ফিরে এসেছে এবং কৃষকদের মুখে স্বস্তি দেখা গেছে। তবে আমন চাষিদের জন্য এই বৃষ্টি আশীর্বাদ হয়ে আসলেও, চরম দুশ্চিন্তায় পড়েছেন আগাম আলু ও শীতকালীন সবজি চাষিরা। কৃষকদের আশঙ্কা, এই অসময়ের বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে সদ্য রোপণ করা বীজ আলু ও শাকসবজি পচে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল জানান, এই বৃষ্টি আমনের জন্য উপকারী হলেও আগাম আলু এবং শাকসবজির কিছুটা ক্ষতি করতে পারে। চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত জমিতে আমন আবাদ অর্জিত হয়েছে। তবে প্রাকৃতিক এই পরিস্থিতিতে স্থানীয় আলুচাষিরা দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় আকাশ পানে তাকিয়ে আছেন।
ব্রেকিং নিউজ :


























