কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত রোধে একযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন এলাকার বখাটেদের আস্তানা ও চিহ্নিত স্থানগুলোতে সাঁড়াশি অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, আটক ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর অপরাধ সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ১৫ দিনে ধারাবাহিক অভিযানে আরও দুই হাজারের বেশি সন্দেহভাজন কিশোর ও তরুণকে আটক করা হয়েছিল।


























