লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির ও লালমনিরহাট জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বসতবাড়ির সীমানাপ্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মারধরের শিকার হয়েছেন হুমায়ুন কবির। এই ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার বিকেলে ৩৫ থেকে ৪০ জনের একটি দল তাদের বাড়িতে এসে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে মারধর ও অপদস্ত করা হয়। ঘটনার পর রাতেই তিনি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
এক সংবাদ সম্মেলনে আইনজীবী হুমায়ুন কবির দাবি করেন, এই হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত। তার ভাই এবি পার্টির কেন্দ্রীয় নেতা ফিরোজ কবির জানান, পৈতৃক জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। ঘটনার দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও পুলিশ আসতে দেরি করায় পুরো দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে, প্রতিপক্ষ ফরহাদ আলম সম্রাট পাল্টা সংবাদ সম্মেলন করে ভেঙে ফেলা জায়গার মালিকানা নিজের বলে দাবি করেছেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবি পার্টি।


























