প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল ও সহায়ক পরিবেশ তৈরি করতে কূটনৈতিক চ্যানেলে আলাপ-আলোচনা চলছে। দুই দেশের মধ্যে বিদ্যমান কিছু চ্যালেঞ্জ থাকলেও সংলাপ ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সেগুলোর ইতিবাচক সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সফরকালে শীর্ষ পর্যায়ের কোনো সংলাপ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময়ই শীর্ষ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। তবে তার আগে সরকারি ও কর্মকর্তা পর্যায়ের বৈঠকের মাধ্যমে সফরের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।
আগামী নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের যেকোনো খবরের জন্য দেশের সূত্রের ওপরই নির্ভর করা উচিত। সফর চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের তা জানানো হবে। এছাড়া আগামী অক্টোবরে শেষ হতে যাওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়েও সরকার কাজ করছে এবং যথাসময়ে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হবে বলে তিনি জানান।


























