বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি দাবি করেছেন, বাজারে কারসাজির মাধ্যমে সংকট তৈরি করা হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার উল্টো দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে।
সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, কৃত্রিম সরবরাহ সংকটের সুযোগ নিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সিলিন্ডারটির নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অথচ চলতি বছরের জানুয়ারিতে এই সিলিন্ডার বিক্রি হয়েছে ১ হাজার ২৫৩ টাকায়।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে এলপিজির দাম ১০৩ টাকা বাড়ানো হয়েছিল। এরপর এপ্রিল মাসে দুই দফায় দাম বাড়ে ৫৯৯ টাকা। জুন ও জুলাইয়ে প্রায় ৪০০ টাকা কমানো হলেও আগস্টে আবার ৭০ টাকা বাড়ানো হয়। সেপ্টেম্বরে ১৩ টাকা কমানোর পর এবার একবারে ২৫২ টাকা বাড়ানো হলো।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে প্রকৃতপক্ষে গ্যাসের কোনো ঘাটতি ছিল না। বাজারে কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এ অবস্থায় সরকার কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের চাহিদা অনুযায়ী দাম বাড়িয়েছে। দেশের প্রায় এক কোটি মানুষ রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল হওয়ায় এর সরাসরি প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে। অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহার এবং বাজার কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।


























