উপকালের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন দুটি সঙ্গীতানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য সফরে গেছেন। গত ৪ অক্টোবর সকালে একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফর প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন জানান, আগামী ১১ অক্টোবর লন্ডনে এবং ১৫ অক্টোবর স্কটল্যান্ডে দুটি পৃথক শোতে তিনি গান পরিবেশন করবেন। তাঁর সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন তবলাবাদক চন্দন দত্ত, গিটারিস্ট মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডিস্ট পার্থ প্রীতম বাপ্পী।
জানা গেছে, পূর্ব লন্ডনে আয়োজিত ১৭তম ‘লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব’-এর দ্বিতীয় দিন ১১ অক্টোবর পারফর্ম করবেন সাবিনা ইয়াসমিন। এই উৎসব প্রবাসী বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন, যা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরে।
তবলাশিল্পী চন্দন দত্ত জানান, লন্ডনের মেফেয়ার ভেন্যুতে টিকিট কেটে আগত দর্শকদের সামনে গান গাইবেন সাবিনা ইয়াসমিন। এই আয়োজনে অংশ নিতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদও আগামী ৭ অক্টোবর লন্ডন যাচ্ছেন। অনুষ্ঠান শেষে আগামী ১৮ অক্টোবর সাবিনা ইয়াসমিনের দেশে ফেরার কথা রয়েছে।


























