পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি যাওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার ইদিলপুর কালীমন্দির সংলগ্ন শ্মশানের ঝোপঝাড় থেকে চারটি ব্যাগে ভর্তি ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সকালে স্থানীয় বাসিন্দারা ইদিলপুর মহাশ্মশানের ঝোপের মধ্যে কয়েকটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে ১৭টি ল্যাপটপ উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ল্যাপটপগুলো যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে চুরি হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে ল্যাপটপগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাতে একদল দুর্বৃত্ত বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।


























