বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. বি কে বোসকে কমিশনের সদস্য (পরিকল্পনা) পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি দিনাজপুরের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (আইএনএমএএস) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডা. বি কে বোস ১৯৯৪ সালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগ দেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি নিউক্লিয়ার মেডিসিন চিকিৎসায় নিয়োজিত রয়েছেন এবং দেশে এই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে থেরাপিউটিক নিউক্লিয়ার মেডিসিনের বিকাশে তার ভূমিকা উল্লেখযোগ্য।
দেশের উত্তরাঞ্চলে গলগণ্ড রোগের চিকিৎসায়ও তার বিশেষ অবদান রয়েছে। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ফিজিক্যাল প্রোটেকশন বিষয়ে তিনি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কর্মজীবনে প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি ও রাশিয়াসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
ডা. বি কে বোস ১৯৯৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি মেডিসিনে এমসিপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করা এই চিকিৎসক ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক এবং তার স্ত্রী একটি সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক।


























