যুক্তরাজ্যের পশ্চিম উপকূলের সামুদ্রিক পাখি ‘ম্যানক্স শিয়ারওয়াটার’ নিজের শারীরিক বা অভ্যন্তরীণ সময়সূচির (দেহঘড়ি) সঙ্গে স্থানীয় সময়ের পার্থক্য হলে পথ হারিয়ে ফেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, অভিজ্ঞ পাখিরা উড়ন্ত অবস্থাতেই ভুল শুধরে নিতে পারলেও অনভিজ্ঞ পাখিরা কয়েক শ কিলোমিটার পথ ছিটকে পড়তে পারে।
অক্সফোর্ডের গবেষক ড. প্যাট্রিক লুইন ও তাঁর সহকর্মীরা প্রায় ২০ বছরের জিপিএস তথ্য বিশ্লেষণ করে আটলান্টিক মহাসাগরে খাবারের সন্ধান শেষে পাখিদের নীড়ে ফেরার দৃশ্য পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, পূর্ব দিকে দ্রুত উড়ে ফেরার সময় পাখিদের দেহঘড়ি স্থানীয় সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা পিছিয়ে পড়ে। এ সময় মানুষের ‘জেট ল্যাগ’-এর মতো সমস্যা তৈরি হয় এবং তারা সূর্যের অবস্থান সঠিকভাবে মেলাতে না পেরে ভুল পথে চলতে থাকে।
গবেষণায় দেখা গেছে, বয়স্ক বা অভিজ্ঞ পাখিরা দিক ভুল করলেও ভ্রমণের এক পর্যায়ে গতিপথ শুধরে নেয়। তবে ছোট বা অনভিজ্ঞ পাখিদের ক্ষেত্রে দিক খুঁজে নেওয়ার সক্ষমতা কম থাকায় তারা বড় ধরনের সংকটে পড়ে। প্রজননের জন্য প্রতিবছর যুক্তরাজ্যের পশ্চিম উপকূলের দ্বীপগুলোতে ফিরে আসা এই পাখিদের ওপর গবেষণার ফলাফলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা।


























