সাময়িকভাবে বৈশ্বিক উষ্ণায়ন দেড় ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেও পৃথিবীর হিমবাহ ও মেরু অঞ্চলের তুষারাবৃত এলাকার অপূরণীয় ক্ষতি হতে পারে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ও ইন্টারন্যাশনাল ক্রায়োস্ফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভের (আইসিসিআই) যৌথ উদ্যোগে তৈরি এক প্রতিবেদনে ৮০ জন বিজ্ঞানী এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।
প্রতিবেদনটিতে বলা হয়, শিল্পবিপ্লবের আগের সময়ের তুলনায় বর্তমান পৃথিবীর তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত অগ্রগতি না থাকায় প্যারিস জলবায়ু চুক্তির নির্ধারিত দেড় ডিগ্রির সীমা সাময়িকভাবে অতিক্রম করা এখন অনিবার্য হয়ে উঠেছে। বিজ্ঞানীদের মতে, দীর্ঘমেয়াদে ২১৫০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার এক ডিগ্রির নিচে নামিয়ে আনার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিজ্ঞানীদের আশঙ্কা, বর্তমান ধারায় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি পর্যন্ত বাড়লে হিন্দুকুশ হিমালয় অঞ্চলের প্রায় ৫৯ শতাংশ হিমবাহের বরফ গলে শেষ হয়ে যেতে পারে, যা এই অঞ্চলের কোটি কোটি মানুষের পানির নিরাপত্তাকে সরাসরি হুমকিতে ফেলবে। একই সাথে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলার গতি মারাত্মক আকার ধারণ করবে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে উপকূলীয় অঞ্চলে বিপর্যয় ডেকে আনবে।


























