রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এই বিবৃতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি ঘটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা, যা গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে অত্যন্ত স্পষ্ট। ঘটনার সঙ্গে জামায়াতের কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও দায়িত্বশীল একটি সংস্থার এমন মনগড়া তথ্য প্রচার করা দুঃখজনক।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পক্ষে সোচ্চার। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকতে তিনি টিআইবির প্রতি আহ্বান জানান।


























