মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সম্প্রতি প্রকাশিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা কোনো ফটো কাটআউট নয়, বরং সম্পূর্ণ আসল। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’সহ আন্তর্জাতিক বিশ্লেষকদের অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত সংবর্ধনায় অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও একই ভঙ্গিতে ছবি তোলেন ট্রাম্প। তাঁর দাঁড়ানোর ভঙ্গি ও ডান হাতের বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে হাসির দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মহল ছবিটি সম্পাদিত বলে দাবি করেছিল। তবে অনুসন্ধানে দেখা গেছে, অনুষ্ঠানের নির্দিষ্ট স্থানে একই ক্যামেরা কোণে ছবি তোলার কারণে ভঙ্গিমা একই মনে হলেও সূক্ষ্ম শারীরিক অভিব্যক্তিতে স্পষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া এআই শনাক্তকরণ পরীক্ষায় কোনো জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।
ছবিটি দেরিতে প্রকাশের কারণ হিসেবে জানা গেছে, অনুষ্ঠানস্থলে ব্যক্তিগত ক্যামেরা বা মোবাইল ব্যবহারের অনুমতি ছিল না। কেবল হোয়াইট হাউসের নিজস্ব আলোকচিত্রীদের তোলা ছবি নিরাপত্তা ছাড়পত্র ও সম্পাদনা প্রক্রিয়া শেষে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়। অতীতেও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের এ ধরনের ট্রেডমার্ক ভঙ্গিতে ছবি তোলার নজির রয়েছে বলে ফ্যাক্টচেকাররা উল্লেখ করেছেন।


























