বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়ে চুরি যাওয়া ৬৩০ কোটি ডলার মূল্যের সম্পদের ৯০ শতাংশ ক্ষতিপূরণ হিসেবে ব্যবহারকারীদের ফিরিয়ে দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স। রোববার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বাইন্যান্স জানিয়েছে, গত বৃহস্পতিবারের ওই সাইবার হামলার পর খোয়া যাওয়া সম্পদের ৯০ শতাংশ ইতিমধ্যে সফলভাবে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হয়েছে। বাকি ১০ শতাংশ ক্ষতিপূরণ প্রদান করতে সামান্য সময় লাগতে পারে। ক্রিপ্টো ইতিহাসের অন্যতম এই বড় চুরির ঘটনায় শতভাগ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে শুরু থেকেই দৃঢ়প্রতিজ্ঞ ছিল প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, চুরি হওয়া অর্থের সম্পূর্ণ আর্থিক দায়ভার বাইন্যান্স বহন করবে এবং এর ফলে ব্যবহারকারীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ক্ষতিপূরণ নিশ্চিত করতে কোম্পানির নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ আলাদা করে রাখা হয়েছে।
হ্যাকিংয়ের ঘটনার পর সাময়িকভাবে ক্রিপ্টো উত্তোলন স্থগিত করা হলেও বর্তমানে তা পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি বিটকয়েন, ইথেরিয়াম ও টেথারসহ সর্বাধিক লেনদেন হওয়া আরও সাতটি ক্রিপ্টো সম্পদের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এদিকে, মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, এই বৃহৎ সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। তদন্তকারীদের মতে, হ্যাকাররা চুরি করা সম্পদগুলোকে ইথেরিয়ামে রূপান্তর করেছে এবং পরবর্তীতে তা পাচারের চেষ্টা চালাচ্ছে। তবে আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রচেষ্টায় ইতোমধ্যে চুরি যাওয়া সম্পদের প্রায় ৩০০ কোটি ডলার জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাইন্যান্স।


























