সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করলেন জামায়াত আমির শফিকুর রহমান। দীর্ঘ এক বছর পর অনুষ্ঠানে অংশ নিলেন খালেদা জিয়া। উপস্থিত ছিলেন বিভিন্ন দলের শীর্ষ নেতারাও।
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় একসঙ্গে উপস্থিত রাজনৈতিক শীর্ষ নেতারা।
ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এক বিরল রাজনৈতিক সহাবস্থান দেখা গেল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দীর্ঘ এক বছর পর অনুষ্ঠানে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। বিকেল ৪টার দিকে গুলশান থেকে এসে তিনি প্রধান উপদেষ্টার পাশের আসনে বসেন এবং পুরো আয়োজন উপভোগ করেন।
অনুষ্ঠানে তাকে স্বাগত জানান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতারা।
শুধু বিএনপি নয়, জাতীয় নাগরিক পার্টি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি ও বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন এই রাষ্ট্রীয় আয়োজনে।
জাতীয় সংকট ও নির্বাচনী প্রক্রিয়ার প্রাক্কালে সেনাকুঞ্জে এমন রাজনৈতিক সমাগমকে অনেকেই গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।
















