অন্যায়, অসত্য ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে সফল করতে হলে নেতাকর্মীদের দক্ষ, সৎ, জ্ঞানী ও আদর্শিক জনশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঈমানী শক্তিতে বলীয়ান কোনো জনশক্তিকে কোনো অপশক্তি কখনো নস্যাৎ করতে পারে না। আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাগিদ দেন তিনি।
শুক্রবার কুমিল্লা মহানগরীর আইটি কনভেনশন হলে আয়োজিত কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুমের সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের জনশক্তিকে কেবল সাধারণ কর্মী হলে চলবে না; বরং কুরআন-সুন্নাহর জ্ঞান, তাকওয়া, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। রুকনদের নিজেদের জীবনকে ইসলামী আদর্শের বাস্তব নমুনা হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলে হতাশ না হয়ে ঈমান, ধৈর্য এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন জামায়াতের এই শীর্ষ নেতা।


























