বরিশালের বাকেরগঞ্জে স্কুল থেকে নিখোঁজ হওয়া দশম শ্রেণির তিন ছাত্রীকে রাজধানী ঢাকার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দাঁড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ওই তিন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল মোল্লা ও সবিতা রানীর যৌথ দল ঢাকার কদমতলী থানার শ্যামপুর এলাকার ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন স্থান থেকে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, উদ্ধারকৃত ছাত্রীদের নিরাপদে বাকেরগঞ্জে ফিরিয়ে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।


























