নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ঈদাগাজি পাটোয়ারীবাড়ির নুরুজ্জামানের ছেলে মোহন (৩২) লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে অস্বাভাবিকভাবে মারা গেছেন। প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেলেও, ঘটনাটি হত্যা না আত্মহত্যার প্ররোচনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পরিবারের কাছে খবর আসে যে মোহন তার শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের গুজারদিঘির পাড়ে বিষপান করেছেন। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে মোহনকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। রাতে মরদেহ ভিকটিমের নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
খবর পেয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ জানান, রাত আনুমানিক তিনটার সময় এসআই মোসলেহ উদ্দিনকে পাঠিয়ে মৃতদেহের ময়নাতদন্তের জন্য পুনরায় নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। মোহনের শ্বশুরের নাম নবী উল্যাহ প্রকাশ চেয়ারম্যান এবং স্ত্রীর নাম মিতু। তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
জানা গেছে, ভিকটিম মোহনের স্ত্রী দীর্ঘদিন যাবৎ তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মোহন বারবার স্ত্রীকে ফেরত আনতে চাইলেও তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে নানা ধরনের মানসিক অত্যাচারসহ গালমন্দ করতেন বলে অভিযোগ পরিবারের। এই কারণেই অপমৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে স্বজনরা দাবি করছেন। মোহন আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।


























