সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (সিইউএনওয়াই) শিক্ষকতা পেশায় যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও গবেষক রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা শেয়ার করে মিথিলা নিজেই তাঁর পেশাগত জীবনের এই নতুন অধ্যায়ের কথা নিশ্চিত করেছেন।
মিথিলা জানান, তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ সহযোগী গবেষণা বিজ্ঞানী (অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট) হিসেবে কাজ শুরু করেছেন। সেখানে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন তিনি। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও টেকসই সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
আন্তর্জাতিক উন্নয়ন খাতে দীর্ঘ দুই দশক বেসরকারি সংস্থা ব্র্যাকে কাজের অভিজ্ঞতা রয়েছে মিথিলার, যার মধ্যে ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে। দীর্ঘদিনের এই কর্মস্থলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে মিথিলা তাঁর নতুন এই আন্তর্জাতিক প্রফেশনাল জার্নির জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
























