২০তম এশিয়ান গেমসের ফ্রি-স্টাইল রেসলিংয়ের ৬৫ কেজি ক্যাটাগরির শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের অ্যাথলেট আব্দুল সাত্তার। শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে সৌদি আরবের প্রতিযোগী আব্দুললতিফ আলবাকরির কাছে ১০-০ পয়েন্টের বড় ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি।
ম্যাচের প্রথম পিরিয়ড থেকেই দাপট দেখান সৌদি রেসলার আলবাকরি। প্রথম পিরিয়ডে ১ ও ৪ পয়েন্টের দুটি সফল আক্রমণে তিনি ৫-০ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় পিরিয়ডেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাননি বাংলাদেশি এই কুস্তিগীর। এই পিরিয়ডে আলবাকরি আরও ৫ পয়েন্ট অর্জন করলে দুই পিরিয়ড মিলিয়ে ১০-০ ব্যবধানের জয় নিয়ে শেষ আটে পৌঁছান সৌদি প্রতিযোগী।
এর আগে দিনের শুরুতে অবশ্য দুর্দান্ত সূচনা করেছিলেন আব্দুল সাত্তার। প্রথম ম্যাচে নেপালের রাম কিশোরের বিপক্ষে দুই পিরিয়ড মিলিয়ে ১০-০ ব্যবধানের আধিপত্যপূর্ণ জয় পেয়ে শেষ ষোলোর টিকিট কেটেছিলেন এই বাংলাদেশি রেসলার। তবে শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী সৌদি অ্যাথলেটের কাছে হেরে তাঁর এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়।

























