হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৯টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী এবং এক বিমানযাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যু পেপারে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম (প্রায় ১.০৫ কেজি)।
পরবর্তীতে বিমান কর্মী ওবায়দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বিমানযাত্রীকেও আটক করা হয়। কাস্টমস আইন, ২০২৩ সহ প্রচলিত আইনের আওতায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


























