স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী তাদের দায়িত্বশীল ভূমিকা অবিরামভাবে চালিয়ে যাবে।
বুধবার রাতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দলটি শুধু একটি আদর্শিক রাজনৈতিক দলই নয়, বরং সংসদের প্রধান বিরোধী দল হিসেবেও জনগণের মুখপাত্র হিসেবে জোরালো ভূমিকা পালন করছে। বর্তমান সরকার সংসদীয় ভাষা অনুধাবন করতে ব্যর্থ হওয়ায় সংসদে জনগণের মৌলিক দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ফলে বাধ্য হয়েই বিরোধী দল রাজপথে জনগণের অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তীব্র সমালোচনা করে নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তেলের মূল্যবৃদ্ধির ফলে জনজীবন মারাত্মক সংকটের মুখে পড়েছে। সরকার মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখালেও মূল সমস্যা সিন্ডিকেট, দুর্নীতি ও অব্যবস্থাপনা বলে মন্তব্য করেন তিনি।


























