মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পর কুমিল্লার চৌদ্দগ্রামের দুই কিশোরীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করার পর পুলিশ প্রযুক্তি ও তথ্যের সহায়তায় তাদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করে।
গত মঙ্গলবার রাতে জেলা পুলিশের সহযোগিতায় সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানিয়েছে, পরিবারের ওপর অভিমান করেই তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে কক্সবাজারে চলে গিয়েছিল।


























