ধর্মের লেবাস ধারণ করে একটি মহল দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, নানামুখী অপপ্রচার চালানোর জন্য বট ও গুপ্ত বাহিনী ব্যবহার করা হচ্ছে এবং ছোটখাটো বিষয়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় আকারে উপস্থাপন করা হচ্ছে।
বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া হবে না এবং বর্তমান সরকারকে দুর্বল ভাবার বিন্দুমাত্র অবকাশ নেই। এছাড়া আগামীতে সংবিধান সংস্কারের সময় তাতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ফিরিয়ে আনা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


























