গোপালগঞ্জে ইমাম রেজা (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছেন তারা।
পরিবারের সদস্যরা জানান, ইমাম রেজার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তবে তিনি সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে নানাবাড়ির এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। তার বাবার নাম জহিরুল মৃধা। গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।
বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের মা আফি বেগম দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মিলঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।


























