জুলাই বিপ্লবের তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুনর্গঠিত হচ্ছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে রাজনৈতিক পর্ষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন এবং সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে, যার আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই আসবে। সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ২৩ সদস্যবিশিষ্ট একটি সাংগঠনিক উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন স্থানে নৈরাজ্য ও দখলবাজির প্রতিবাদে দেশজুড়ে কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দীর্ঘ বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক পর্ষদের সদস্যদের বিভিন্ন উপকমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হবে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া দেশের প্রতিটি জেলায় ইতিমধ্যে কমিটি গঠন সম্পন্ন হয়েছে এবং আগামী অক্টোবরের মধ্যে সকল উপজেলা কমিটি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলটির কৌশলগত আলোচনা বৈঠকে স্থান পেয়েছে।


























