ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, দেশের মানুষ মুক্তির আশায় বহু আন্দোলন-সংগ্রাম ও রক্তপাত ঘটালেও আজও প্রকৃত মুক্তি মেলেনি। যে পুরনো নীতিতে দেশ পরিচালিত হচ্ছে, তাতে স্বাধীনতার হীরকজয়ন্তী বা শতবর্ষ এলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ সামাজিক অনাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এসব অপরাধ রোধ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে, কিন্তু কেউ বিদ্যমান নীতির বেড়াজাল ভেঙে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। সবাই কেবল নির্বাচনী ইশতেহার ভুলে জনগণকে ধোঁকা দিয়ে চলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নীতির সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না বলেও জানান তিনি।
সম্মেলনে আইএবির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দলের শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজির অবসান হবে বলে আশা করা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। জুলাই সনদ নিয়ে বিএনপি সরকার নানা তালবাহানা করছে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এভাবে চলতে থাকলে যেকোনো মুহূর্তে জনবস্ফোরণ ঘটতে পারে। ইসলামী শরীয়াহ বাস্তবায়নের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই দল এগিয়ে চলেছে বলেও জানান তিনি।


























