শরীয়তপুরের জাজিরায় বিগত সরকারের প্রধান শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থল থেকে একটি কেক এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পালেরচর ইউনিয়নের দক্ষিণ দরিকান্দি জোড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জোড়া ব্রিজসংলগ্ন ফাঁকা রাস্তায় বড়কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কাটার প্রস্তুতি চলছিল। সেখানে ১০ থেকে ১৫ জন ব্যক্তি জড়ো হয়েছেন এমন সংবাদ পেয়ে জাজিরা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা দ্রুত পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ সেগুলো উদ্ধার করে জাজিরা থানায় নিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, কেক কাটার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত ব্যক্তিরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























