রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়।
অভিযোগ উঠেছে, হামলাকারীরা স্টুডিওর ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, বিভিন্ন দামী যন্ত্রপাতি এবং কক্ষের অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা স্টুডিও থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের দাবি, নিয়মিত চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।


























